ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক ও মালিকদের সংগঠিত করে শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত সমবায় সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চালকদের সংগঠনের নিয়মকানুন মেনে চলা, সদস্যদের পরিচয়পত্রের আওতায় আনা এবং বিপদে-আপদে সদস্যদের পাশে দাঁড়াতে সমিতির নিজস্ব অর্থনৈতিক তহবিল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক, রিকশা, পাখিভ্যানচালক ও মালিক সমবায় সমিতির উদ্যোগে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে সমিতির সদস্যরা ইজিবাইক নিয়ে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের বড় বাজার ও কোর্টমোড় প্রদক্ষিণ করে সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সাহিত্য পরিষদ চত্বরে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, সংগঠন হওয়ার মধ্যদিয়ে ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালকেরা এখন একটি কাঠামোর মধ্যে এসেছেন। সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে হলে প্রত্যেক চালককে নিয়মতান্ত্রিকভাবে এর সদস্য হতে হবে। একই সঙ্গে প্রত্যেক সদস্যের পরিচয়পত্র তৈরি ও তা সমিতির নথিতে লিপিবদ্ধ করতে হবে।
তিনি বলেন, চালকেরা বিভিন্ন সময় নানা ধরনের আর্থিক সমস্যার মুখোমুখি হন। এসব সমস্যা মোকাবিলায় সমিতির নিজস্ব অর্থনৈতিক তহবিল গড়ে তোলা প্রয়োজন। এ জন্য সদস্যদের কাছ থেকে সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখার ব্যবস্থা করা যেতে পারে। এতে কোনো সদস্য বিপদে পড়লে সমিতি তার পাশে দাঁড়াতে পারবে।
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, সমিতি শুধু চালকদের অধিকার ও স্বার্থ রক্ষার সংগঠন নয়; সদস্যদের সামাজিক ও নৈতিক দায়িত্বও রয়েছে। কোনো চালকের মাধ্যমে যাতে সামাজিক অপরাধ সংঘটিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একসময় চুয়াডাঙ্গায় রিকশাচালক শ্রমিকদের একটি সংগঠন ছিল। সময়ের পরিবর্তনের সঙ্গে প্রচলিত রিকশার ব্যবহার অনেকটাই কমে গেছে। বর্তমানে ইজিবাইক চালকদের সঙ্গে বাসচালকদের বিভিন্ন বিষয়ে বিরোধ বা সমস্যা দেখা দেয়। এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসনের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। সবাইকে শৃঙ্খলা ও সৌহাদ্য বজায় রেখে চলতে হবে। সভায় সমিতির সদস্যদের পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা সেলিমুল হাবিব সেলিম এবং চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সমিতির উপদেষ্টা জাহেদ মোহাম্মদ রাজিব খান।
চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক, রিকশা, পাখিভ্যান চালক ও মালিক সমবায় সমিতির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা। পরিচিতি সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সমিতির উপদেষ্টা সাইদুর রহমান বিজন।
অনুষ্ঠানের শেষ পর্বে চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক, রিকশা, পাখিভ্যান চালক ও মালিক সমবায় সমিতির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আবু সাঈদকে সভাপতি, মঞ্জুরুল হককে সিনিয়র সহসভাপতি, জুয়েল রানাকে সাধারণ সম্পাদক এবং আবু তালেবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। পরে নবগঠিত কমিটির সব সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ।
