ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার কৃতী সন্তান, দেশের স্বনামধন্য অ্যাথলেট ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ হিল কাফি বাংলাদেশ অ্যাথলেটিক্স কোচেস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাজুড়ে ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক এ সফল কোচ কর্মদক্ষতা, একাগ্রতা ও ক্রীড়ানৈপুণ্যের মাধ্যমে দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অ্যাথলেটিক্স কোচেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় দেশের অ্যাথলেটিক্সের উন্নয়ন এবং নতুন প্রজন্মের কোচ ও অ্যাথলেট তৈরিতে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন ক্রীড়াসংশ্লিষ্টরা।
আব্দুল্লাহ কাফির এ সাফল্যে আলমডাঙ্গার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক যৌথ বিবৃতিতে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা, আলমডাঙ্গা ক্রীড়া সংস্থা, ফ্রেন্ডস ক্লাব, ব্যায়ামাগার, স্বয়ম্ভর ক্রীড়া কুঠি, সাহিত্য পরিষদ, আলমডাঙ্গা উপজেলা রেফারি অ্যাসোসিয়েশন, সরকারি স্কুল, সরকারি কলেজ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, এরশাদপুর একাডেমি ও কলেজপাড়া কল্যাণ কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘আব্দুল্লাহ কাফি শুধু আলমডাঙ্গার নন, তিনি পুরো দেশের গর্ব। তাঁর এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমরা তাঁর এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’
বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষ থেকে আব্দুল্লাহ কাফির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। এলাকাবাসী ও ক্রীড়ামোদী মানুষও আব্দুল্লাহ কাফির আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সফল হোক- এ প্রত্যাশা ব্যক্ত করে তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
