ছবির ক্যাপশন:
গ্রামীণ ও ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি প্রচার-প্রসার, চর্চা ও সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বিটিভির লোকসংগীত শিল্পী দর্শনার কৃতি সন্তান মনিরুজ্জামান ধীরু বাউল এবার 'মানবতার মা' মহিয়সী নারী মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টায় ঢাকা সেগুন বাগিচা কচিকাচার মেলা মিলনায়তনে আলোচনা, পরিচয় পর্ব ও জমকালো সাংস্কৃতিক আয়োজন শেষে দেশের ৪২ জন গুণীজনের মধ্যে ধীরু বাউলকে সম্মাননা স্মারক, উত্তরীয় পরিধান ও গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সাউথ এশিয়া সাহিত্য পরিষদের সার্বিক আয়োজনে ও সংগঠনের সভাপতি বিশিষ্ট কবি মোঃ আঃ আলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চিত্রনায়ক সুপার স্টার ডি এ তায়েব। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর যুগ্ম মহাসচিব এ আর লিয়াকত, সিনিয়র সাংবাদিক শ্রী অশোক ধর সহ গুণী কবি-সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক সহ স্ব স্ব অবস্থানে দেশ ও সমাজে বিভিন্ন ধরনের অবদান রাখার জন্য মাদার তেরেসার ১১৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এ সম্মাননা স্মারক ও গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সাউথ এশিয়া সাহিত্য পরিষদের মহাসচিব মোঃ আজগর হোসেন ও টেলিভিশন উপস্থাপিকা সাবরিনা কাইউমের প্রাণবন্ত উপস্থাপনায় শুরু হয় জমকালো নাচ, গান ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন এটিএন বাংলা ও ইটিএন নিউজ।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট মনিরুজ্জামান ধীরু বাউল বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী হিসেবে দ্বিতীয় গ্রেডেশনে উন্নীত হয়েছেন।
