কেরু চিনিকল পরিদর্শনকালে বিএসএফআইসির চেয়ারম্যান শামছুজ্জামান

চাষিদের উৎসাহিত করতে আখের দাম ও প্রণোদনা বাড়ানো হয়েছে

আপলোড তারিখঃ 2026-08-30 ইং
কেরু চিনিকল পরিদর্শনকালে বিএসএফআইসির চেয়ারম্যান শামছুজ্জামান ছবির ক্যাপশন:

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামছুজ্জামান সুরুজ দর্শনা কেরু চিনিকল পরিদর্শনকালে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো দেশের সব কারখানার চাকা সচল রাখা। এসব চিনিকল লাভজনক করতে দেশি-বিদেশি বিনিয়োগ নিয়েও কাজ চলছে। আগামী অর্থবছরের মধ্যে উৎপাদন শুরু করার কথা বলছেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান। তবে, শুধু কারখানা চালু নয়, দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। সেই আলোকে বন্ধ থাকা সরকারি সব চিনিকল পর্যায়ক্রমে চালুর মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ করছে। গতকাল শনিবার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি চিনিকল পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ এসব কথা বলেন।


তিনি আরও বলেন, চিনিশিল্পকে আধুনিকীকরণ করতে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে কিছু বায়ো প্ল্যানের পাশাপাশি নতুন যন্ত্র, মেশিনপত্র ক্রয়ের প্রক্রিয়া চলছে। দক্ষ শ্রমিক-কর্মচারীদের অভাব পূরণ করতে নতুন নিয়োগ দিয়ে তাদেরকে দক্ষ করে তুলতে হবে। কারণ এক সময় দেশে চিনির চাহিদার বড় অংশ মেটাতো সরকারি চিনিকলগুলো। ক্রমাগত লোকসানের কারণে ২০২০ সালের ডিসেম্বরে ১৫টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের ছয়টি বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এগুলো হলো শ্যামপুর, সেতাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড় ও রংপুর চিনিকল। এতে সংকটে পড়ে হাজার হাজার শ্রমিক ও আখচাষি। চিনিকল শুধু চিনি উৎপাদনের কেন্দ্র নয়, বরং লাখো আখচাষির জীবিকা, গ্রামীণ অর্থনীতি এবং স্থানীয় সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। কারণ বন্ধ কারখানাগুলো চালু হলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, উৎপাদন বাড়বে এবং সেই সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।


শামছুজ্জামান সুরুজ বলেন, আখ চাষিদের উৎসাহিত করতে আখের দাম ও প্রণোদনা বাড়ানো হয়েছে। গত অর্থবছরে প্রতি কুইন্টাল আখের দাম ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৬২৫ টাকা করা হয়েছে। একই সঙ্গে চাষিদের প্রণোদনার পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ১১ কোটি টাকা করা হয়েছে। চাষিদের দ্রুত অর্থ পরিশোধের জন্য একটি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে আখের ওজন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই চাষির মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অর্থ পরিশোধ করা হচ্ছে। আগে কয়েকটি টেবিল ঘুরে অর্থ পেতে যে সময় লাগত, এখন ডিজিটাল ব্যবস্থায় তা তাৎক্ষণিকভাবে সম্পন্ন হচ্ছে। পাশাপাশি সফটওয়্যারের মাধ্যমে চাষিদের আবহাওয়ার পূর্বাভাস ও চাষাবাদসংক্রান্ত পরামর্শও দেওয়া হচ্ছে। পরিবেশ সুরক্ষায় সরকারি চিনিকলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য এ চিনি শিল্পকে আধুনিক, পরিবেশবান্ধব ও স্বনির্ভর শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।


দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয় দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্স ভবনে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। শিল্প মন্ত্রণালয় যুগ্মসচিব (অডিট) মো. আব্দুল ওয়াহেদ, বাণিজ্যিক ও পরিচালক (অর্থ)-এর অতিরিক্ত বিএসএফআইসি আজহারুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক বাণিজ্যিক অডিট মুহাম্মদ খাদেমুল বাশার, খুলনা উপপরিচালক বাণিজ্যিক অডিট নাসিফ কবির, মো. শফিকুল ইসলাম, জীবন্নাহার সহ চিনিকলের কর্মকর্তা, কর্মচারী, শ্রমজীবী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, আখচাষী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ আলোচনা সভা শেষে কেরুজ জৈব সার কারখানা, কেরু ডিহি কৃষি খামার পরিদর্শন করেন। এ সময়ে সারা দেশে সবুজায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক গাছ লাগালো কেরু ফার্ম এলাকা এবং পতিত জমিতে গাছ লাগানোর অংশ হিসেবে কেরু এলাকায় ২টি আম গাছ লাগান চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)