ছবির ক্যাপশন:
দামুড়হুদায় যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সজীব ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইমাম ফল ভান্ডার একাদশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার মিনি স্টেডিয়াম ফুটবল মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠে শত শত দর্শকের ঢল নামে।
‘মাদক ছাড়ো, খেলাকে আঁকড়ে ধরো - সুস্থ সুন্দর সমাজ গড়ো’ এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে ইমাম ফল ভান্ডার একাদশ বনাম প্রতিপক্ষ সজীব একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় ইমাম ফল ভান্ডার একাদশ। দলের পক্ষে ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় তরিকুল একমাত্র গোলটি করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল **অ্যাসোসিয়েশনের** সভাপতি এখলাস উদ্দিন সুজন। এসময় তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদল নেতা সাবেক ইউপি সদস্য একরামুল হক। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সহসভাপতি মোজাম্মেল শিশির, উপজেলা যুবদল নেতা মাহাফিজুর রহমান জনিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইমাম ফল ভান্ডার একাদশের ১১ নং জার্সি পরিহিত তরুণ খেলোয়াড় তরিকুল ইসলাম ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তুহিন এবং সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন সজীব ফুটবল একাদশের হৃদয়।
সেরা দর্শকের খেতাব জিতে নেন সাবুর আলী ও বাবু, ধারাভাষ্যে ছিলেন হাফিজুর রহমান। ফুটবল খেলাটি পরিচালনা করেন শহীদ আজম সদু, নুরুল ও নাহিদ।
