ছবির ক্যাপশন:
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ বিভিন্ন জনসচেতনতামূলক বিষয় জনগণের কাছে পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তরের গৃহীত বহুমুখী কর্মপরিকল্পনার অংশ হিসেবে জিপিএমএস (গভর্নেন্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেম) কর্মপরিকল্পনার আওতায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জেলা তথ্য অফিস চুয়াডাঙ্গা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার উপ-পরিচালক (অর্থ ও লজিস্টিক) নাসিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার মো. আবু হাসান এবং ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সেলিনা খাতুন।
উঠান বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ, নাগরিক সচেতনতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপস্থিত গ্রামবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা এবং সরকারের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনসচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
