মেহেরপুরে ৪০ বছরের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

অবরুদ্ধ ১০ পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আপলোড তারিখঃ 2026-08-26 ইং
মেহেরপুরে ৪০ বছরের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের মাঝপাড়ায় প্রায় ৪০ বছর ধরে স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য ব্যবহৃত একটি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার ৯-১০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। হিজুলী গ্রামের মৃত আওলাদ মালিথার ছেলে সোনা ও কামালের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন তারা।


স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় চার দশক ধরে মাঝপাড়ার সাধারণ মানুষ ওই পথ দিয়ে নিয়মিত চলাচল করে আসছেন। সম্প্রতি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সোনা ও কামাল রাস্তাটিতে বাধা সৃষ্টি করে চলাচল বন্ধ করে দেন। এতে কয়েকটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তা বন্ধ থাকায় শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে কিংবা দৈনন্দিন কাজে বাইরে বের হতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত সামাজিক এই পথটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বলে তারা জানান। দ্রুত পথটি খুলে দিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।


তবে রাস্তা বন্ধ করার অভিযোগের বিষয়ে মৃত আওলাদ মালিথার ছেলে কামাল বলেন, ‘এটা আমাদের নিজস্ব সম্পত্তি। আমরা এতদিন ৯-১০টি পরিবারকে এই পথ দিয়ে চলাচল করতে দিয়েছি। কিন্তু চলাচলের সুযোগ দেওয়ার পরও তারা আমাদের বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন। এ কারণে আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছি।’ এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)