ছবির ক্যাপশন:
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সায়ন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ হামলায় স্মৃতি আক্তার (২২) নামে এক তরুণীর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত হয়েছেন তার বাবা সেলিম (৫০) ও মা রেবেকা সুলতানা কামনা (৪২)।
বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হোটেল বাজার এলাকার রিপন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সায়ন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আবু তালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সেলিমের বাসা থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান আশপাশের লোকজন। পরে তারা ঘটনাস্থলে ছুটে গেলে সায়ন ওই পরিবারের তিন সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
হামলায় স্মৃতি আক্তারের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় তার বাবা সেলিম ও মা রেবেকা সুলতানা কামনাও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর অভিযুক্ত সায়ন পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
এদিকে, একই পরিবারের তিনজনের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ, ঘটনার পেছনের বিরোধ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
