মুজিবনগর হাসপাতালে অসুস্থ বৌমাকে দেখতে গিয়ে বৃদ্ধার গলার স্বর্ণের চেইন ছিনতাই

আপলোড তারিখঃ 2026-08-26 ইং
মুজিবনগর হাসপাতালে অসুস্থ বৌমাকে দেখতে গিয়ে বৃদ্ধার গলার স্বর্ণের চেইন ছিনতাই ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ বৌমাকে দেখতে গিয়ে এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছিনতাই হওয়া চেইনটির ওজন আনুমানিক আট আনা। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা। গত সোমবার দুপুর ১২টার দিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নয়তন নেছা (৮০) উপজেলার মানিকনগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের স্ত্রী।


ভুক্তভোগী নয়তন নেছা জানান, অসুস্থ বৌমাকে দেখতে তিনি হাসপাতালে যান। সেখানে বসে থাকার সময় এক যুবক তাকে এগিয়ে দেওয়ার কথা বলে হাত ধরে লম্বা সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। একটি সিঁড়ি পার হওয়ার পর ওই যুবক তার গলা থেকে স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, এ সময় তিনি চিৎকার করলেও আশপাশের কেউ বিষয়টি শুনতে পাননি। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা হাসপাতালে এসে অনেক খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তির সন্ধান পাননি।


নয়তন নেছার ছেলে রেজাউল হক জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চাচাতো বোন শাবানার সহায়তায় সন্দেহভাজন দুজনকে শনাক্তের চেষ্টা করা হয়। সিসিটিভি ফুটেজে চুল পাকা ও লুঙ্গি পরা মধ্যবয়সী দুই ব্যক্তিকে দেখা গেলেও তাদের মুখ স্পষ্ট না হওয়ায় নিশ্চিতভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।


এ বিষয়ে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, তিনি প্রশিক্ষণে থাকাকালে আরএমওর মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয় এবং শনাক্তকারীদের সঙ্গে নিয়ে সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)