কালীগঞ্জে গরু চুরি ও গণপিটুনিতে নিহতের ঘটনায় জোড়া মামলা

আসামি দুই শতাধিক, গ্রেপ্তার নেই

আপলোড তারিখঃ 2026-08-24 ইং
কালীগঞ্জে গরু চুরি ও গণপিটুনিতে নিহতের ঘটনায় জোড়া মামলা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে হাবিব নামে এক ব্যক্তি নিহত ও একজন আশঙ্কাজনক অবস্থায় আহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


পুলিশ সূত্র জানায়, গরু চুরির অভিযোগে প্রথম মামলাটি দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত গৃহস্থ ও বাদুরগাছা গ্রামের বিধবা নিলুফা ইয়াসমিন (মামলা নম্বর: ১৩/২৬)। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। অন্যদিকে, গণপিটুনিতে গুরুতর আহত সুমনের ভাই, যশোর শহরের আরাপপুরের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দুই শতাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন (মামলা নম্বর ১৫/২৬)। মামলা দুটির তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে কালীগঞ্জ থানার বারোবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদকে।


উল্লেখ্য, গত শুক্রবার ভোর রাতে বাদুরগাছা গ্রামের বিধবা নিলুফা বেগমের বাড়িতে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন হাবিব ও সুমন। পরে উত্তেজিত জনতা তাঁদের একটি বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। গণপিটুনির একপর্যায়ে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল থেকে হাবিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


মামলা ও তদন্তের সার্বিক বিষয়ে কালীগঞ্জ থানার বারোবাজার পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ জোড়া মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে জানান, গণপিটুনিতে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন জানান, দুই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির নামে পৃথক দুইটি মামলা হয়েছে। পুলিশ জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তার অভিযান পরিচালনা করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)