আলমডাঙ্গায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ

আপলোড তারিখঃ 2026-08-24 ইং
আলমডাঙ্গায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ ছবির ক্যাপশন:

মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থী ও তরুণ সমাজকে দূরে রাখা, বাল্যবিবাহ নিরুৎসাহিত করা এবং অভিভাবকদের সচেতন করতে আলমডাঙ্গা উপজেলায় ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি নিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা। উপজেলার ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার অভিভাবকের কাছে শিক্ষার্থীদের মাধ্যমে শুভেচ্ছাপত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


‘জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’ প্রতিপাদ্যে গতকাল রোববার সকাল ৭টায় মুন্সিগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একই সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তাদের অভিভাবকদের উদ্দেশে লেখা এসব শুভেচ্ছাপত্র তুলে দেওয়া হয়।


আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচির আওতায় রয়েছে ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি কলেজ ও ৫টি মাদ্রাসাসহ মোট ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীদের সহযোগিতায় দিনব্যাপী এসব প্রতিষ্ঠানে শুভেচ্ছাপত্র বিতরণ করা হয়। সকালে মুন্সিগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে কার্যক্রম শুরুর পর মোমিনুর রহমান মোমিন মালিতা গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও শুভেচ্ছাপত্র বিতরণ করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে কর্মসূচি নিয়ে আগ্রহ দেখা যায়।


মোমিনুর রহমান মোমিন মালিতা বলেন, ‘জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’-এই স্লোগানকে সামনে রেখে আমরা কয়েকটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি। চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদকের বিস্তার রোধে সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন। মাদকের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এর পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সচেতনতা তৈরি করতে হবে।’


তিনি বলেন, ‘ছাত্রদলের জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে আলমডাঙ্গার ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে একই দিনে এই কর্মসূচি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাধ্যমে তাদের অভিভাবকদের কাছে শুভেচ্ছাপত্র পৌঁছে দিয়ে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।’


বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘অপরিপক্ব বয়সে অনৈতিক সম্পর্ক বা বিয়ের মতো সিদ্ধান্তের কারণে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করে বাল্যবিবাহ নিরুৎসাহিত করাও আমাদের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘আলমডাঙ্গা উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়েছে। সমাজের মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।’


দিনব্যাপী কর্মসূচিতে আলমডাঙ্গা উপজেলার ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শুভেচ্ছাপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া এসব চিঠি তাদের অভিভাবকদের কাছে পৌঁছানোর মাধ্যমে পরিবারভিত্তিক সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)