চুয়াডাঙ্গায় এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা পরিষদের পরিচিতি সভায় শরীফ

এটি শুধু পরিচিতি সভা নয়, বৃহৎ স্বপ্নের যাত্রার সূচনা

আপলোড তারিখঃ 2026-08-23 ইং
চুয়াডাঙ্গায় এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা পরিষদের পরিচিতি সভায় শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা শহরের সাহিদ গার্ডেনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শরীফুজ্জামান শরীফ। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন চেয়ারম্যান শরীফুজ্জামান শরীফ।


শরীফুজ্জামান শরীফ বলেন, এ আয়োজন নিছক পরিচিতি কিংবা মতবিনিময় সভা নয়; এটি একটি বৃহৎ স্বপ্নের আনুষ্ঠানিক যাত্রার সূচনা। চুয়াডাঙ্গায় আধুনিক, মানবিক, নৈতিক ও জ্ঞানভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে আমরা কাজ করছি। এখান থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, প্রজ্ঞা, নৈতিকতা, সৃজনশীলতা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে।


তিনি আরও বলেন, এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ হবে সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। দল-মত, জাতি-ধর্ম-বর্ণ ও পেশা নির্বিশেষে সবার সন্তান এখানে সমান সুযোগ পাবে। মেধাবী ও প্রতিভাবান এতিম-দুস্থ শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও থাকবে।


প্রতিষ্ঠানের পরিকল্পনা তুলে ধরে শরীফুজ্জামান শরীফ বলেন, 'খবধৎহ, খবধফ, ঝঁপপববফ'—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের শেখা, চিন্তা, সৃজনশীলতা, নেতৃত্ব ও সফলতার জন্য প্রস্তুত করা হবে। প্রাথমিকভাবে ভাড়া ভবনে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে বড় ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আধুনিক শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি, আইসিটি ল্যাব, খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম চালুর পাশাপাশি ক্যাডেট কলেজের আদলে শৃঙ্খলাপূর্ণ শিক্ষা পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।


শরীফুজ্জামান শরীফ বলেন, নার্সারি থেকে কার্যক্রম শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য রয়েছে। পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কন, আবৃত্তি, গান, খেলাধুলা, হাতের লেখা, ইংরেজি ও আরবি ভাষা শিক্ষাসহ শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ থাকবে।


শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শরীফুজ্জামান শরীফ বলেন, 'যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। রিটেন, ভাইভা ও ডেমো ক্লাস—তিন ধাপের পরীক্ষার মাধ্যমে শিক্ষক নির্বাচন করা হবে।'


শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মানসিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিং, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে উপস্থিতি এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।


তিনি বলেন, 'একটি শিক্ষাপ্রতিষ্ঠান একা কোনো শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে। আমরা অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিতে চাই।'


সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। তিনি বলেন, অভিভাবকেরা সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কিংবা বিজ্ঞানী হিসেবে দেখতে চান। কিন্তু সন্তান কীভাবে একজন ভালো ও নৈতিক মানুষ হয়ে উঠবে, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রতিদিন একটি ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলতে পারলেও শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার চর্চা তৈরি হবে।


জিপিএ-৫ পাওয়ার জন্য শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ না দেওয়ার আহ্বান জানিয়ে নাজমুল হক স্বপন বলেন, ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। এজন্য প্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি।


সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও পরিচালনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এলিট স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ বেল্টু, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাসানুজ্জামান মালিক, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবু, সংস্কৃতিকর্মী সরদার আলী হোসেন, শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক ও সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, চিকিৎসক ডা. আসাদুর রহমান মালিক খোকন, অ্যাডভোকেট এম. শাহজাহান মুকুল, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুল মালিতা, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরণ উর রশিদ শান্তসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)