দামুড়হুদায় দিনদুপুরে কোটি টাকার চুল ছিনতাই

আপলোড তারিখঃ 2026-08-23 ইং
দামুড়হুদায় দিনদুপুরে কোটি টাকার চুল ছিনতাই ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কোষঘাটা মেইন সড়কে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দেড় কোটি টাকার ২৩ বস্তা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা এস আর পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস থেকে কার্পাসডাঙ্গা চুল পোসেজিং সমিতির নিজস্ব পিকআপ ভ্যানে (নং: চুয়াডাঙ্গা-ন ১১-০০৫৯) করে ২৩ বস্তা চুল নিয়ে আসার সময় কোষঘাটা নামক স্থানে পৌঁছালে ৭/৮ জন অস্ত্রধারী পিকআপ ভ্যানটি গতিরোধ করে। তারা মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে প্রথমে ড্রাইভার শহিদ ও ম্যানেজার ছানোয়ারকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মোবাইল ও গাড়ির চাবি কেড়ে নেয়। পরে ড্রাইভার ও ম্যানেজারকে আটকে মোটরসাইকেলে তুলে অন্য স্থানে নিয়ে যায় ডাকাত দল। অন্যদিকে ডাকাত দলের এক সদস্য পিকআপ ভ্যানটি নিয়ে পুরাপাড়ার মধ্য দিয়ে নির্জন মাঠের ভেতরে নিয়ে যায় এবং সেখানে ২৩ বস্তা চুল অন্য একটি গাড়িতে তুলে নেয়। চুল আনলোড করার পর তারা খালি পিকআপ ভ্যানটি নিয়ে ঘটনাস্থলে ফিরে আসে এবং ড্রাইভার ও ম্যানেজারকে বলে, 'তোদের গাড়ি নিয়ে চলে যা।' পরে ড্রাইভার ও ম্যানেজার পিকআপ ভ্যানটি নিয়ে দামুড়হুদা মডেল থানায় এলে থানার ওসি তাদের জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তাদেরকে পুলিশ হেফাজতে রাখেন। চুল ব্যবসায়ী ইসমাইল বলেন, চুয়াডাঙ্গা এস আর পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস থেকে সমিতির পিকআপ ভ্যানে করে ২৩ বস্তা চুল নিয়ে আসছিল। এমন সময় কোষঘাটা নামক স্থানে পৌঁছালে ৭/৮ জন ডাকাত দল পিকআপ গাড়ি গতিরোধ করে ড্রাইভার ও ম্যানেজারকে আটক করে পিকআপ ভ্যানটি পুরাপাড়া নির্জন মাঠে নিয়ে চুল ডাকাতি করে পালিয়ে যায়। পরে গাড়িটি ফেরত দিয়ে যায়। এতে আমাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের চুল ফেরত চাই। আমরা যদি আমাদের চুল ফেরত না পাই, তাহলে বৃহৎ কর্মসূচি পালন করা হবে।' দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) প্রবাস কুমার বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোষঘাটা নামক স্থান থেকে ২৩ বস্তা চুল কে বা কাহারা ছিনিয়ে নিয়েছে, এ বিষয়ে ড্রাইভার ও ম্যানেজারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আশা করি খুব শীঘ্রই এই ঘটনার উদঘাটন করা সম্ভব হবে। দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা ও লুণ্ঠিত চুল উদ্ধারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যেই অভিযানে নেমেছে। এলাকায় এই ডাকাতির ঘটনায় চুল ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)