ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পরিত্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা মডেল থানার একটি মাদক মামলার তদন্তে পাওয়া আসামি মো. ইয়াসিন আলী ওরফে কালুকে (৩৪) গ্রেপ্তার করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে হুদাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআই মো. সাইফুল ইসলাম হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একই মামলার আসামি মো. বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেন। গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে জয়রামপুরের মালিথাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এসআই মো. সাইফুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে আরেক অভিযানে মাদক মামলার আসামি মো. স্বপনকে (৬০) গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার (২১ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে জয়রামপুর কলোনীপাড়ার পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক মামলার আসামি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আদালতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দামুড়হুদা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
