ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের পশ্চিমপাড়ার জিওলগাড়ি মাঠের রাস্তার বেহাল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। দীর্ঘদিন ধরে সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের অভাবে রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসমান কাদা ও পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় কৃষকরা জানান, জিওলগাড়ি মাঠের এ রাস্তাটি আশপাশের এলাকার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ রাস্তা দিয়ে কৃষকরা জমিতে চাষাবাদের কাজে যাতায়াত করেন। বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ মাঠে নেওয়ার পাশাপাশি জমি থেকে উৎপাদিত ফসল বাড়িতে আনতেও এ রাস্তার ওপর নির্ভর করতে হয়।
কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে অনেক স্থানে হাঁটুসমান কাদা তৈরি হয়। এতে পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়ে। কৃষকরা কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে মাঠে যাতায়াত করছেন। একই সঙ্গে কৃষিপণ্য ও কৃষি উপকরণ পরিবহনে বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে কৃষকদের। বিশেষ করে ফসল উৎপাদনের পর তা জমি থেকে বাড়িতে নিয়ে আসতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
স্থানীয় কৃষক নুর আলম ও আব্দুল মাবুদ বলেন, ‘রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। বর্ষা এলে রাস্তায় হাঁটুসমান কাদা হয়ে যায়। তখন মাঠে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে পড়ে। ফসল উৎপাদনের পর তা বাড়িতে নিয়ে আসতেও আমাদের নানা সমস্যায় পড়তে হয়। কৃষকদের দুর্ভোগ কমাতে দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।’
তারা আরও বলেন, রাস্তাটি সংস্কার করা হলে শুধু কৃষকরাই নয়, স্থানীয় সাধারণ মানুষও উপকৃত হবেন। কৃষিপণ্য সহজে পরিবহন করা সম্ভব হবে। পাশাপাশি কৃষকদের সময় ও পরিবহন খরচও কমে আসবে। এ অবস্থায় ভাংবাড়ীয়া ইউনিয়নের পশ্চিমপাড়ার জিওলগাড়ি মাঠের রাস্তা সয়স্কারে নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা, কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
