ছবির ক্যাপশন:
দর্শনায় নারিকেল গাছ থেকে পড়ে সিদ্দিক আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে দর্শনা পৌর এলাকার পারানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক আলী ওই গ্রামের ইসপাত আলীর বড় ছেলে। জানা গেছে, পারানপুর গ্রামের দর্শনা মোবারকপাড়ার মৃত আয়ুব আলীর বাড়িতে নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গাছে ওঠেন সিদ্দিক আলী। এ সময় গাছের সঙ্গে বাঁধা দড়ি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। গতকাল বাদ আসর পারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারানপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
