ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ মানিক হোসেন (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সংক্ষিপ্ত বিচারে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে গত ১৯ আগস্ট রাত ৯ টার দিকে এসআই পবিত্র মন্ডল সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন জয়রামপুর (হাজীপাড়া) গ্রামে ওমেদুল ইসলামের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর স্থানীয় জনতা কর্তৃক আটক আসামি মানিক হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সে জয়রামপুর কলোনিপাড়া গ্রামের মাদার শেখের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ গ্রাম গাঁজা, যার মূল্য ৪০০ টাকা, জব্দ করা হয়। এ ঘটনায় আসামিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ উপস্থাপন করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে, একই থানার এএসআই রাশিদুল ইসলাম অভিযান চালিয়ে সিআর-৪৮/২৬ নং মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছেন। তিনি জয়রামপুর হাটপাড়া গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে। গত বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
