ছবির ক্যাপশন:
‘আমি মরতে চাই না, বাঁচতে চাই। সবার মতো আমিও স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’Ñচিকিৎসার অর্থ শেষ হয়ে যাওয়ায় এমন আকুতি মেহেরপুরের মুজিবনগর উপজেলার অসুস্থ আবুল হায়াতের। মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাপুর (কলোনিপাড়া) গ্রামের বাসিন্দা আবুল হায়াত দীর্ঘদিন ধরে কিডনি রোগ, উচ্চ রক্তচাপ ও হাফ প্যারালাইসিসে ভুগছেন। অসুস্থতার কারণে তিনি এখন কর্মক্ষমতা হারিয়েছেন। নিজের নামে কোনো জমিজমা বা ভিটেমাটি নেই। ফলে চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
একসময় একটি গার্মেন্টসে চাকরি করতেন আবুল হায়াত। স্ত্রী, সন্তান ও মা-বাবাকে নিয়ে কোনোভাবে চলছিল তাঁর সংসার। নিজের উপার্জনে পরিবারের প্রয়োজন মেটাতেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর বদলে যায় তাঁর জীবন। কর্মক্ষমতা হারিয়ে এখন চিকিৎসার খরচ জোগাড় করাই তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু নিজেই নন, তাঁর বাবাও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। নিজের চিকিৎসা, বাবার চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণÑসব মিলিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটছে তাঁদের।
আবুল হায়াতের ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের কয়েকজন বন্ধু তাঁর অসুস্থতার খবর পেয়ে নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই অর্থ দিয়ে এতদিন ওষুধ কেনা, চিকিৎসক দেখানোসহ প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে আসছিলেন তিনি। কিন্তু সেই সহযোগিতার অর্থও এখন শেষ হয়ে গেছে। ফলে তাঁর চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নিয়মিত ওষুধ কেনা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার সামর্থ্যও নেই তাঁর। অনিশ্চিত হয়ে পড়েছে পরবর্তী চিকিৎসা।
কান্নাজড়িত কণ্ঠে আবুল হায়াত বলেন, ‘আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই না। আমি মরতে চাই না। সবার মতো বাঁচতে চাই। একটু সহযোগিতা পেলে হয়তো আবার চিকিৎসা শুরু করতে পারব।’ তবে শুধু আর্থিক সহায়তাই নয়, তাঁর জন্য একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ারও আবেদন জানিয়েছেন আবুল হায়াত। তিনি বলেন, ‘আমার জন্য যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে বাকি জীবনটা নিজের পরিশ্রমে পরিবারের জন্য কাটাতে চাই।’
আবুল হায়াতের পরিচয়- তিনি এসকেন আলী ও জাহেদা খাতুনের ছেলে। তাঁর বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাপুর (কলোনিপাড়া) গ্রামে।
চিকিৎসা সহায়তা বা যোগাযোগ:
বিকাশ (পার্সোনাল): ০১৯৬৪৬২৫৭২৮
মোবাইল: ০১৯৬৪৬২৫৭২৮
