চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ডিসি লুৎফুন নাহার

হয়রানি না করে স্বচ্ছতার সঙ্গে সার-বীজ বিতরণ করতে হবে

আপলোড তারিখঃ 2026-08-21 ইং
চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ডিসি লুৎফুন নাহার ছবির ক্যাপশন:

“সার ডিলারশিপকে ‘লাভের গুড়’ মনে করে অনেকে যেভাবে এর পেছনে ছুটছেন, ভবিষ্যতে বিষয়টি আর সে রকম থাকবে না। কারণ প্রতিটি ওয়ার্ডে গিয়ে ডিলারদের বসতে হবে। সেখানে বিক্রয় প্রতিনিধি ও নির্ধারিত বিক্রয়কেন্দ্র থাকবে। ফলে লভ্যাংশ বিভিন্ন পর্যায়ে ভাগ হয়ে যাবে এবং এক জায়গায় যে পরিমাণ লাভ হতো, ভবিষ্যতে তা আর হবে না’।


সার ও বীজ মনিটরিং কমিটির সভায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সার ডিলারশিপ প্রসঙ্গে জেলা প্রশাসক লুৎফুন নাহার সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, কৃষি আমাদের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের উৎপাদন ব্যাহত হলে এর প্রভাব পুরো অর্থনীতির ওপর পড়ে। তাই কৃষকের প্রয়োজনীয় সার ও মানসম্মত বীজ সময়মতো এবং ন্যায্যমূল্যে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।


তিনি বলেন, কোনোভাবেই সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম নেওয়া, অবৈধ মজুদ কিংবা কালোবাজারি করা যাবে না। ডিলার ও ব্যবসায়ীদের নির্ধারিত নিয়ম মেনে সার ও বীজ বিক্রি করতে হবে। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


জেলা প্রশাসক আরও বলেন, কৃষকদের হয়রানি না করে স্বচ্ছতার সঙ্গে সার ও বীজ বিতরণ করতে হবে। মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে এবং কৃষকদের অভিযোগ দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। কৃষকের স্বার্থ রক্ষা করেই কৃষি উৎপাদন বাড়াতে হবে। সার ও বীজ নিয়ে কোনো অনিয়ম বা সংকট তৈরি হলে প্রশাসন কঠোরভাবে তা মোকাবিলা করবে। কৃষকের প্রয়োজনীয় কৃষি উপকরণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।


কৃষকদের দোরগোড়ায় সময়মতো সার ও মানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলার সার ও বীজের মজুদ, বরাদ্দ, বিতরণব্যবস্থা এবং ডিলারদের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার শুরুতেই জেলার সার মজুদ ও বরাদ্দ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। কৃষি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে পর্যাপ্ত মজুদ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় নির্দেশনা দেওয়া হয়, প্রতিমাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত সার উত্তোলন করতে হবে। পাশাপাশি সার নীতিমালা অনুযায়ী ডিলারদের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।


সভায় সার সুষম বণ্টন না হওয়ার বিষয়ে অভিযোগও উঠে আসে। একটি ইউনিয়নে মাত্র একজন সার ডিলার থাকলে প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের মাধ্যমে সার বিতরণের সুযোগ থাকলেও কোনোভাবেই নীতিমালা লঙ্ঘন করা যাবে না বলে জানানো হয়। একই পরিবারের একাধিক সদস্যের নামে সার ডিলারশিপ থাকার বিষয়েও আলোচনা হয়। সার নীতিমালা অনুযায়ী একই পরিবারের দুজনকে ডিলারশিপ দেওয়ার সুযোগ নেই বলে সভায় উল্লেখ করা হয়।


সভায় জানানো হয়, বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় ইউরিয়া সার মজুদ রয়েছে ২ হাজার ৯০০ মেট্রিক টন। এছাড়া টিএসপি ৭৮১ মেট্রিক টন, ডিএপি ১ হাজার ৭৬ মেট্রিক টন এবং এমওপি ১ হাজার ৬৯০ মেট্রিক টন মজুদ রয়েছে।


সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মিঠু চন্দ্র অধিকারী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা সার ডিলার কমিটির সভাপতি আকবর আলী, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সার ডিলাররা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)