চুয়াডাঙ্গার উজলপুরে দেশের প্রথম সৌর কৃষি-সেচ প্রকল্পের উদ্বোধন

কমবে উৎপাদন ব্যয়, লাভবান হবেন কৃষকরা

আপলোড তারিখঃ 2026-08-20 ইং
চুয়াডাঙ্গার উজলপুরে দেশের প্রথম সৌর কৃষি-সেচ প্রকল্পের উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের বেদেপোতা মাঠে স্থাপিত দেশের একমাত্র ‘সোলার এগ্রি-পিভি ইন্টিগ্রেটেড উইথ সোলার ইরিগেশন পাম্প গ্রিড ইন্টিগ্রেশন’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার জার্মানভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড বাংলাদেশের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্পটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ খালেকুজ্জামান।


অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলী। বিশেষ অতিথি ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বিভাগের পরিচালক ও উপসচিব ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দলের পরিবেশ ও জ্বালানি কর্মসূচির ব্যবস্থাপক তানজিনা দিলশাদ, জিআইজেড বাংলাদেশের জ্বালানি বিভাগের সমন্বয়কারী স্তোয়ানকা স্তিচসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদনের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহার করে সেচব্যবস্থাকে আরও টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করা সম্ভব। একই সঙ্গে কৃষিজমির উৎপাদনশীলতা বজায় রেখে সৌরবিদ্যুৎ উৎপাদন করা গেলে কৃষি ও জ্বালানি-দুই ক্ষেত্রেই সুফল পাওয়া যাবে।


প্রধান অতিথি মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, এ প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কৃষকদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রকল্পটির সাফল্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে কৃষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা আসবেন। তারা এ প্রযুক্তিতে উৎসাহিত হলে দেশের খাদ্য ও জ্বালানি উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখা সম্ভব হবে।


আয়োজকদের মতে, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বিত ব্যবহারের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করবে। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন, সেচ এবং কৃষি উৎপাদনকে একই ব্যবস্থার আওতায় আনায় কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।


অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। অতিথিদের বাংলার কৃষকের ঐতিহ্যবাহী গামছা ও মাথালি পরিয়ে বরণ করা হয়। পাশাপাশি লোকজ গানের পরিবেশনার মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। লতাপাতা দিয়ে সাজানো গেট ও ফিতা কাটার মধ্যদিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন অবকাঠামো উন্নয়ন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মুনিরুল ইসলাম, জার্মান উন্নয়ন ব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্বালানি বিভাগের জ্যেষ্ঠ পোর্টফোলিও ব্যবস্থাপক ক্রিস্টিনে জিস এবং ঢাকায় জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান উলরিখ ক্লেপম্যান।


আয়োজকরা আশা করছেন, চুয়াডাঙ্গার এ সমন্বিত সৌর কৃষি প্রকল্প ভবিষ্যতে দেশের অন্যান্য কৃষি অঞ্চলেও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে মডেল হিসেবে কাজ করবে। পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)