চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় ব্যবসায়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে

ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস শরীফুজ্জামানের

আপলোড তারিখঃ 2026-08-20 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় ব্যবসায়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা হোটেল, রেস্তোরাঁ, মিষ্টান্ন, বেকারি ও সেমাই মিল মালিক সমিতির পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাত ৯টায় শহরের হোটেল পেয়ারের দ্বিতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


অনুষ্ঠানে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন হোটেল পেয়ারের মালিক ও চুয়াডাঙ্গা হোটেল, রেস্তোরাঁ, মিষ্টান্ন, বেকারি ও সেমাই মিল মালিক সমিতির সভাপতি শেখ পেয়ার মোহাম্মদ। তিনি বলেন, ব্যবসায়ীরা কোন উপকরণ ব্যবহার করতে পারবেন এবং কোনটি পারবেন না- এ বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলে তারা আরও সচেতন হতে পারবেন। না জানার কারণে অনেক সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ব্যবসায়ীদের বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে।


তিনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভার আয়োজনের দাবি জানান। একই সঙ্গে বিষয়টি জেলা প্রশাসনের কাছে তুলে ধরার জন্য জেলা পরিষদ প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের কারণে দেশের সবকিছু একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণের মধ্যে ছিল। তাদের ইশারাতেই সবকিছু পরিচালিত হতো। ৫ আগস্টের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে।



তিনি বলেন, ফ্যাসিবাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছে। তবে দেশের কোটি কোটি মানুষ এখনো দেশে রয়েছেন। অনেক সময় কথায় কথায় মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসা-বাণিজ্যের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সুবিধা-অসুবিধার কথা শুনেছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আপনারাও সব নিয়মকানুন মেনে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করবেন, যাতে ভোক্তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসে।’


চুয়াডাঙ্গা হোটেল, রেস্তোরাঁ, মিষ্টান্ন, বেকারি ও সেমাই মিল মালিক সমিতির সভাপতি শেখ পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন পারভেজ খানসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী ও মালিক সমিতির নেতৃবৃন্দ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)