ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে জোর করে প্রাচীর নির্মাণ ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হারুন অর রশিদ দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়াবকরি গ্রামের হারুন অর রশিদের সঙ্গে একই গ্রামের মজিবার ও তার ভাইদের ৩১ নম্বর লক্ষ্মীপুর মৌজায় ৫ দশমিক ৬৮ শতক বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। হারুন অর রশিদের অভিযোগ, মজিবার ও তার ভাইয়েরা ওই জমির কাগজপত্র না থাকা সত্ত্বেও ক্ষমতার প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে বিভিন্ন সময় হারুন অর রশিদকে ঝগড়া-বিবাদ ও মারামারির হুমকি দেওয়া হয়েছে।
হারুন অর রশিদ অভিযোগ করেন, গত ৯ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে তিনি ও তার পরিবারের সদস্যরা আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার সময় বাড়ির সামনে পৌঁছালে ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের জমিতে প্রবেশ করেন। তারা জোরপূর্বক জমি দখল করে সেখানে ইটের স্তূপ সাজিয়ে প্রাচীর নির্মাণ শুরু করেন।
এসময় তার স্ত্রী আজমিনা খাতুন, পুত্রবধূ মরিয়ম খাতুন ও ছেলে মিঠু বাধা দিলে তাদের মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে পরিবারের সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইজিবাইকে করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় হারুন অর রশিদ পাঁচজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
