ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, শহিদ হাসান চত্বর ও মুক্তমঞ্চ যথাযথভাবে সংরক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে স্মৃতিফলকে শহিদ মুক্তিযোদ্ধাদের নাম বড় ও দৃশ্যমান হরফে লেখার দাবিও জানানো হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় শহিদ হাসান চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় এসব দাবি জানান চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতারা।
সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সামসুদ্দিন আহমেদ, ইসরাইল হোসেন, রাহাতুল্লাহ, আতাউর রহমান, মতিউর রহমানসহ অন্য মুক্তিযোদ্ধারা। বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন বলেন, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শহিদ মুক্তিযোদ্ধাদের নাম খুব ছোট ও অস্পষ্ট হরফে লেখা হয়েছে। ফলে কাছ থেকে না গেলে নামগুলো পড়া কঠিন হয়ে পড়ে। তিনি শহিদ মুক্তিযোদ্ধাদের নাম বড় ও স্পষ্ট হরফে পুনরায় লেখার দাবি জানান।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা রাহাতুল্লাহ হাসানুজ্জামান হাসানের নামে ঘোষিত শহিদ হাসান চত্বর ও এর পাশের মুক্তমঞ্চের সৌন্দর্য বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে এসব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা সম্প্রতি শহিদ হাসান চত্বর থেকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিও জানান।
