জীবননগর মনোহরপুর গ্রামে ৪ বছর ধরে স্থায়ী জলাবদ্ধতা

১০ গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ

আপলোড তারিখঃ 2026-08-13 ইং
জীবননগর মনোহরপুর গ্রামে ৪ বছর ধরে স্থায়ী জলাবদ্ধতা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার তিন রাস্তার মোড়ে গত চার বছর ধরে বিরাজ করছে স্থায়ী জলাবদ্ধতা। বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় প্রতিদিন হাঁটু সমান নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন অন্তত ১০টি গ্রামের হাজার হাজার মানুষ। বছরের পর বছর জমে থাকা পচা পানিতে সড়কটি নষ্ট হয়ে এখন প্রায় সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দক্ষিণপাড়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর প্রাত্যহিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়কটি। তবে দীর্ঘদিনের অনাকাক্সিক্ষত এই জলাবদ্ধতা দৈনন্দিন যাতায়াতকে রূপ দিয়েছে চরম দুর্ভোগে। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। নোংরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে গিয়ে প্রায়শই তাদের জামাকাপড় ও বই-খাতা ভিজে নষ্ট হচ্ছে।


মনোহরপুর দক্ষিণপাড়ার বাসিন্দা আব্দুর রশিদ আক্ষেপ প্রকাশ করে বলেন, দীর্ঘ ৪ বছর ধরে আমরা একপ্রকার পানিবন্দী হয়ে পড়েছি। জলাবদ্ধতার পানি দূষিত হয়ে ছড়িয়ে পড়ছে রোগজীবাণু। এতে শরীরে চুলকানিসহ বিভিন্ন ধরনের চর্মরোগ ও ঘা-পঁচড়ায় আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ।


স্থানীয় বাসিন্দা বাবলু বিশ্বাস জানান, শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে অভিভাবকরা সবসময় শঙ্কিত থাকেন। অনেকেই সন্তানদের একা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ী খমেনি বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে তারা নিজেদের উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিয়ে যেতে পারছেন না, ফলে চরম অর্থনৈতিক লোকসানের মুখে পড়ছেন।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ চার বছরের এই স্থায়ী দুর্ভোগ নিরসনে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে বারবার ধরনা দেওয়া হলেও আজ পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন পানি জমে থাকায় গুরুত্বপূর্ণ এ সড়কটি যেমন ধসে পড়ছে, তেমনি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা।


জরুরি ভিত্তিতে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে এই দীর্ঘ অভিশাপ থেকে মুক্তি পেতে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আশু হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা।
সড়কটির করুণ দশা ও জনগণের দুর্ভোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে এই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)