আন্দুলবাড়ীয়া বাজার, স্বাস্থ্যকেন্দ্র ও ভূমি অফিস

পরিদর্শনে জেলা প্রশাসক লুৎফুন নাহার

আপলোড তারিখঃ 2026-08-11 ইং
আন্দুলবাড়ীয়া বাজার, স্বাস্থ্যকেন্দ্র ও ভূমি অফিস ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া হাট-বাজার উন্নয়ন প্রকল্পের কাজ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত পৃথকভাবে এসব উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শন করেন তিনি। বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় উইকেয়ার প্রকল্পের আওতায় চলমান আন্দুলবাড়ীয়া হাট-বাজার উন্নয়নকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।


এসময় তাঁর সঙ্গে ছিলেন জীবননগরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।


পরিদর্শনকালে জেলা প্রশাসক আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে চিকিৎসাসেবা, জনবল ও অবকাঠামোগত পরিস্থিতির খোঁজখবর নেন। জরাজীর্ণ ভবনটি দ্রুত সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানিকে নির্দেশ দেন। পরিদর্শন শেষে তিনি স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং কেন্দ্রের সামনে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।


এরপর জেলা প্রশাসক আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক স্থানীয় সরকারের অধীনে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চত্বর, আন্দুলবাড়ীয়া হাট-বাজারসহ জনসমাগমপূর্ণ এলাকায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বড় বিলবোর্ড ও ব্যানারের মাধ্যমে প্রচার বাড়ানোর জন্য চেয়ারম্যানকে নির্দেশনা দেন।


পরিদর্শনের একপর্যায়ে জেলা প্রশাসক আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অনন্তপুর-কর্চাডাঙ্গা গ্রামের সেনবাড়ী মাঠে কৃষক ইউসুফ আলী ও আলালের আনারকলি বাগানও আকস্মিকভাবে পরিদর্শন করেন। বাগানের ফলন ও সম্ভাবনা সম্পর্কে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইসমতারা সুলতানা বকুল ও রাকিব আহমেদসহ সংশ্লিষ্টরা।


পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। পরে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় পুরো এলাকাকে মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।


পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর-রশিদ, সেক্রেটারি মোল্লা হাসিবুল হোসেন শান্ত, বাজার ব্যবসায়ী সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আড়িয়াল, সাধারণ সম্পাদক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন, হিসাব সহকারী তপন কুমার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তাহের খান (তালাত), স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক আরিফুল ইসলাম আরিফ, পরিবার কল্যাণ পরিদর্শিকা শাপলা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)