উথলীতে মাদক বিরোধী গণসচেতনতামূলক সমাবেশে জেলা প্রশাসক লুৎফুন নাহার

প্রতিটি সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে

আপলোড তারিখঃ 2026-08-11 ইং
উথলীতে মাদক বিরোধী গণসচেতনতামূলক সমাবেশে জেলা প্রশাসক লুৎফুন নাহার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেছেন, প্রতিটি সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ব্যক্তির শরীরে মাদকের উপস্থিতি থাকলে সেটা যদি ডোপ টেস্টের মাধ্যমে ধরা পড়ে, তাহলে সে আর কখনোই সরকারি চাকরি পাবে না। তাছাড়া চুয়াডাঙ্গায় বাস পরিবহন শ্রমিকদের ডোপ টেস্ট করা হয়েছে। যাদের ডোপ টেস্ট পজিটিভ এসেছে, তাদেরকে ছাটাই করা হয়েছে। জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী গণসচেতনতামূলক অনুষ্ঠানে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। 


গতকাল সোমবার বেলা ১০টায় বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও দামুড়হুদা এই দুটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। এখান থেকে দিনে রাতে সীমান্তের ওপার থেকে এপারে মাদকদ্রব্য পাচার হচ্ছে। একই সাথে এখানে যেমন অনেক মাদক বিক্রেতা রয়েছে তেমনই মাদক সেবনকারী ও বাহক রয়েছে। মাদক বহনকারীর মধ্যে ৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির ছেলেরাও রয়েছে। উচ্চমাধ্যমিক ও অনার্স পড়ুয়া ছেলে মেয়েরা এখন ব্যাপকভাবে মাদকে আসক্ত হয়ে পড়েছে। এটি আমাদের জন্য খুবই সতর্কতার একটি বিষয়।


অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, মাদকাসক্ত ব্যক্তি আপনাদের যতই কাছের লোক হোক তাদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। সন্তান গড়ে তোলার দায়িত্ব শুধু শিক্ষকের ওপর দিলেই হবে না। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, ঠিক মত স্কুলে যাচ্ছে কিনা, সন্ধ্যায় ঠিকমতো বাড়িতে এসে পড়তে বসছে কিনা-সেদিকে বিশেষ নজর দিতে হবে। অনেক জায়গায় মাদকাসক্ত সন্তানের হাতে পিতা মাতা খুন ও নির্যাতনের খবর পাওয়া যায়। এসব থেকে বাঁচতে আপনাদের সন্তানদের দিকে নজর রাখুন।


তিনি বলেন, এখন শিক্ষার্থীদের গড়ে ওঠা ও বেড়ে ওঠার সময়। তারা প্রতিদিন স্কুলে আসবে, পড়াশোনা করবে, বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠবে, টিফিন সময়ে অথবা বিকালে খেলার মাঠে খেলাধুলা করবে এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। ছাত্রছাত্রীরা মাদক থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়ে তুলবে, মেধাবী সন্তান হিসেবে বাবা মায়ের সোনার টুকরা সন্তান, শিক্ষকদের চোখের মনি হয়ে থাকবে এই প্রত্যাশা করি।


জীবননগর একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী, উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুছ আলী প্রমুখ।


এছাড়া বিশেষ অতিথি ছিলেন উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী রবিউল হোসেন, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিঙ্গার অমিত খান, সাধারণ সম্পাদক রানা হোসেন, বিদ্যালয়ের সাবেক এডহক কমিটির সভাপতি মোশারেফ হোসেন, সদস্য জাহাঙ্গীর হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)