ছবির ক্যাপশন:
জীবননগরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে থানা-পুলিশ। তবে অভিযানের সময় মোটরসাইকেল ফেলে দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) শোভন দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে অংশ নেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, চারটি মোটরসাইকেলে কয়েকজন মাদক কারবারি অবৈধ মাদক বহন করে জীবননগর থানার কালা গাংপাড়া মাঠ এলাকা থেকে পেয়ারাতলা বাজারের দিকে আসছে। পরে কালা গাংপাড়া গ্রামের বিপুলের বাড়ির সামনে পুলিশ অবস্থান নিয়ে মোটরসাইকেলগুলোকে থামানোর সংকেত দেয়।
এসময় তিনটি মোটরসাইকেল দ্রুতগতিতে পালিয়ে যায়। অপর একটি পালসার মোটরসাইকেলে থাকা দুই আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
