ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে স্মরণ সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টার। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক এ. কে. এম. জাহিদ হোসেন এবং শিক্ষক জিন্টু মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষক আব্দুল আজিজ মাস্টার।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে সানোয়ার হোসেন লাড্ডু বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক স্মরণীয় অধ্যায়। তিনি বলেন, শহিদ আবু সাইদ, মুগ্ধসহ আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহিদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়।
তিনি আরও বলেন, শহিদদের আদর্শ, দেশপ্রেম, সাহসিকতা ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানান। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা একরামুল হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
