চুয়াডাঙ্গায় ও মেহেরপুরে বিশ^ মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শিশুর রোগ প্রতিরোধে মায়ের বুকের দুধের ওপর গুরত্বারোপ

আপলোড তারিখঃ 2026-08-03 ইং
চুয়াডাঙ্গায় ও মেহেরপুরে বিশ^ মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ছবির ক্যাপশন:

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ^ মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিতব্য সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান মাতৃদুগ্ধ পান ও শিশুখাদ্য বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর স্বাভাবিক শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। জন্মের পরপরই শিশুকে শালদুগ্ধ (কলোস্ট্রাম) খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ পান নিশ্চিত করার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।


গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধই খাওয়াতে হবে। অনেক অভিভাবক শিশুর জন্মের পর বাজার থেকে কৌটার দুধ কিনে খাওয়ান, যা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নবজাতকের পাকস্থলী অত্যন্ত ছোট হওয়ায় অল্প অল্প করে মায়ের বুকের দুধই তার জন্য যথেষ্ট। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেন, শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, মায়ের বুকের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করে। অপ্রয়োজনে কৌটার দুধ খাওয়ানোর প্রবণতা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি জানান, নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া শিশুখাদ্যের কৌটার দুধ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার বিধান রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


এসময় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ^াস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. ফাতিমা হক, সদর হাসপাতালের প্রধান অফিস সহকারী ফারুক হোসেনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

মেহেরপুর:
বিশ^ মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় সিভিল সার্জন অফিসের মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এবারের প্রতিপাদ্য ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’ তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক।


এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. রফিকুল আলম প্রতিপাদ্যের ওপর বক্তব্য দেন। তিনি বলেন, নবজাতকের সুস্থ বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে জন্মের পরপরই শিশুকে মাতৃদুগ্ধ পান করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. আবু সাঈদের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।


র‌্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. রফিকুল আলম, ইন্সপেক্টর মোফাজ্জল হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সফিউদ্দীনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)