তিন মাসে ২০টি বাড়ি ও ৩টি দোকানে চুরির অভিযোগ

অভিযুক্তের বাড়িতে তালা ঝুলাল গ্রামবাসী

আপলোড তারিখঃ 2026-08-03 ইং
তিন মাসে ২০টি বাড়ি ও ৩টি দোকানে চুরির অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের ঝাঁজরী গ্রামের বসুতিপাড়ায় গত প্রায় তিন মাসে অন্তত ২০টি বসতবাড়ি ও তিনটি দোকানে চুরির অভিযোগ উঠেছে। এসব ঘটনার জন্য একই গ্রামের মৃত তাইজেলের ছেলে ইকলাছকে (২৫) দায়ী করছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে একাধিক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও রয়েছে। এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী তার বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন।


স্থানীয় সূত্র জানায়, গত তিন মাসে বসুতিপাড়ার বিভিন্ন বাড়ি ও দোকান থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং একটি মোটরসাইকেল চুরি হয়। প্রথমদিকে চোর শনাক্ত করা না গেলেও সম্প্রতি গ্রামের লোকজন ইকলাছকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছেন বলে দাবি করেন। স্থানীয়দের অভিযোগ, মিনাজ উদ্দিনের মেয়ে রুপা খাতুনের বাড়ি থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা, বাক্কা জোয়ার্দ্দারের ছেলে মজিবার রহমানের দোকান থেকে ১৬ হাজার টাকা, আহাম্মদ আলীর ছেলে নাগর মিয়ার বাড়ি থেকে ৫০ হাজার টাকা,


কালু মণ্ডলের ছেলে বিল্লালের বাড়ি থেকে ৩৮ হাজার টাকা, মিনহাজ উদ্দিন মণ্টুর দোকান থেকে ৪ হাজার ৪০০ টাকা, ডান্ডুর ছেলে শরীফের বাড়ি থেকে ১৮ হাজার টাকা, আনছার আলীর ছেলে রিপনের দোকান থেকে ১২ হাজার টাকা, রফিক মিয়ার ছেলে জাহিদ হাসানের একটি ডিসকভারি মোটরসাইকেল এবং আবুল হাসেনের ছেলে রিজাপের বাড়ি থেকে প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এছাড়া ফজলের বাড়ি থেকে ৮ হাজার টাকাসহ আরও অন্তত ২০টি বাড়িতে চুরির অভিযোগ রয়েছে। এছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে গ্রামের অন্তত ১৫ জন নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেছেন স্থানীয়রা।


স্থানীয়দের ভাষ্য, গত পরশু রাতে রুপা খাতুনের বাড়িতে চুরির সময় পরিবারের সদস্যরা টের পেয়ে একজনকে ধাওয়া করেন। তখন তাকে ইকলাছ হিসেবে শনাক্ত করা হয় বলে দাবি করা হয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে তার বাড়িতে তালা ঝুলিয়ে দেন। তবে অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।


ঝাঁজরী গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান আলী বলেন, ‘ইকলাছের বিরুদ্ধে চুরি ও নারীদের শ্লীলতাহানির চেষ্টার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তাই গ্রামবাসী তার বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাকে পাওয়া গেলে পুলিশের কাছে সোপর্দ করা হবে।’ যুবদল নেতা রিফাত বলেন, ‘ইকলাছের কর্মকাণ্ডে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।’


জামায়াত নেতা মজিবর রহমান বলেন, ‘গ্রামবাসী তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার চাই।’ এ বিষয়ে গ্রামবাসী অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)