ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ চক্রের আরও দুই সহযোগী ও সাত থেকে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে দাসপাড়ার সাইদুর রহমানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করে থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের পশুহাট এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে শাহিন আলী (৩২) , কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাকিলাদাহ গ্রামের ক্যানেলপাড়া মো. ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে মিন্টু (২৪)।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার পাইকপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন আলী ও মিন্টুকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ট্যাবলেট আলামত হিসেবে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসা, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
