ছবির ক্যাপশন:
জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবানÑএই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দামুড়হুদার আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন এএমও ডা. মহিব্বুল্লাহ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন। এমওডিসি ডা. আলমগীর হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং সেবাগ্রহীতারা।
আলোচনা সভায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, মাতৃদুগ্ধের গুরুত্ব নবজাতকের সুস্থ বৃদ্ধি ও বিকাশে মায়ের দুধের অপরিহার্যতা এবং জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর কোন বিকল্প নেই। মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবার ও সমাজের সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।
