নেহালপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় এমপি রুহুল আমিন

জনগণের সমস্যা জানতে প্রত্যান্ত এলাকায় ছুটে এসেছি

আপলোড তারিখঃ 2026-07-27 ইং
নেহালপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় এমপি রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নজুড়ে পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন। গতকাল শনিবার বিকেল চারটায় ইউনিয়নের বোয়ালিয়া বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করেন তিনি। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার পরিদর্শন করেন। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন।


সন্ধ্যা ৭টার দিকে হিজলগাড়ী বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা পূরণ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। তাই জনগণের সমস্যা সরাসরি জানতে আমি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ছুটে এসেছি। আপনাদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
তিনি বলেন, কৃষি প্রধান এই অঞ্চলের কৃষকদের সার ও বীজ সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষির উৎপাদন ব্যাহত হয়, এমন কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়েও নজর রাখা হবে বলে আশ্বাস দেন তিনি। এমপি রুহুল আমিন আরও বলেন, নেহালপুর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। যেসব এলাকায় এখনও উন্নয়ন হয়নি, সেসব এলাকার প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করা হবে বলেও জানান তিনি।


তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের কল্যাণে যে কোনো যৌক্তিক দাবির বিষয়ে আমি সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।’ বক্তব্যে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এলাকায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরেন এবং আগামী দিনেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ন কবীর ফরাজী, জেলা জামায়াত নেতা আবুল কালাম আজাদ, বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির লিটন মল্লিক, সেক্রেটারি ডা. এরফান আলী লাল্টু, সাবেক সেক্রেটারি হাসিবুল মাস্টার, ওলামা বিভাগের সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জামায়াত নেতা আব্দুস সামাদ, রাজা, ছানোয়ার, জাহাঙ্গীর, জামাল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা। পুরো অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বেগমপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী নুরুল আমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)