ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুরে ব্রিজের নিরাপত্তাবেষ্টনী (গার্ডারওয়াল) না থাকায় বাইসাইকেলসহ নিচে পড়ে আবুল হোসেন (৬)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ভবনগর এলাকার ভাওনের খালের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবুল হোসেন মহেশপুর উপজেলার স্বরূপপুর পশ্চিমপাড়া গ্রামের বাহার উদ্দীনের ছেলে।
স্থানীয় যুবক নাজমুল হোসেন জানান, বৃদ্ধ আবুল হোসেনের নেশা ছিল বিলে মাছ ধরা। প্রতিদিনের মতো রোববার সকাল ১০টার দিকে তিনি ভবনগর বাজার থেকে চা পান করে বাইসাইকেলে চড়ে বিলের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ভবনগর ভাওনের খালের ব্রিজে উঠতেই নিরাপত্তাবেষ্টনী না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলসহ সরাসরি নিচে পড়ে যান। ব্রিজের নিচে থাকা মাছ ধরার বাঁশের বেড়া বা খাঁচার ওপর সজোড়ে গিয়ে পড়লে মাথায় আঘাত পান তিনি। আঘাতের তীব্রতায় পানির মধ্যেই তার মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে পথচারীরা ব্রিজের নিচে লাশ ও বাইসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃদ্ধ আবুল হোসেনের মাছ ধরার নেশা ছিল। ধারণা করা হচ্ছে, তিনি মাছ ধরতে অথবা খালের পানিতে মাছের উপস্থিতি দেখতে গিয়ে ব্রিজের ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান। নিচে থাকা বাঁশের বেড়ার সাথে প্রচণ্ড আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, অরক্ষিত ও গার্ডারওয়ালহীন এই ব্রিজে চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই চরম ঝুঁকি ছিল। দ্রুত এখানে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ করা না হলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
