ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলায় একইদিনে মোটরসাইকেল ও পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে দামুড়হুদা গুলশানপাড়া থেকে মোটরসাইকেল চুরি ও একই দিনে বেলা ৩টার দিকে জয়রামপুর দোহার ধার থেকে কৌশলে পাখিভ্যান নিয়ে পালিয়ে যায় চোরের দল।
জানা যায়, দামুড়হুদা উপজেলা সদরে গুলশানপাড়ার নিছার উদ্দিনের ছেলে সোনালী ব্যাংকের কর্মচারী শিহাব উদ্দিন তার নিজ বাড়ির সামনে নীল কালারের ইয়ামাহা এফজেড ভার্শন-৩ (যার রেজিস্ট্রেশন নাম্বার চুয়াডাঙ্গা-ল ১২-৯১৪৯) গাড়িটি রেখে বাড়ির ভেতরে যায়। পরে বাড়ির ভেতর থেকে এসে দেখে গাড়িটি আর নেই, কে বা কারা চুরি করে নিয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি খুঁজে না পেয়ে শিহাব বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করে।
অন্যদিকে একই দিনে দামুড়হুদায় শরিফুলের ছেলে হারুনের পাখিভ্যান ভাড়ায় চালায় মহাজনপুর গ্রামের খোদাদ হোসেনের ছেলে আবুল হোসেন। আবুল হোসেনের নিকট দুজন এসে জীবননগর যাওয়ার কথা বলে ৪শত টাকা চুক্তি করে। যাওয়ার পথে জয়রামপুর দোহার ধারে পৌঁছালে বৃষ্টি নেমে যায়। তখন একটি চায়ের দোকানে বসে পাখিভ্যানচালক আবুল হোসেনকে একটি বিস্কুট ও চা খাওয়ায়। চা খাওয়ার পরপরই আবুল হোসেন নিস্তব্ধ অবস্থায় বসে থাকে, তখন ওই দুই যাত্রী পাখিভ্যান নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলে, চুরি-ছিনতাই বেড়েই চলেছে, এর থেকে কী পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই।
দামুড়হুদা মডল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
