ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের চারাবাড়ি মাঠে এক রাতে চারটি সেচ মোটরের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। গত শুক্রবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে জমিতে গিয়ে ট্রান্সফরমারগুলো না পেয়ে বিষয়টি জানতে পারেন কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেনÑ ইদের আলী, তানজেল, মান্নান ও আক্তার আলী।
ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে সেচ মোটর চালু রেখে তারা বাড়ি ফিরে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যুতের খুঁটি থেকে চারটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। সকালে মাঠে গিয়ে ট্রান্সফরমার না পেয়ে তারা চুরির বিষয়টি নিশ্চিত হন।
কৃষকদের অভিযোগ, ট্রান্সফরমার চুরির কারণে সেচ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে জমির আবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় সেচ মোটরের ট্রান্সফরমার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা বেড়েছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, "অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
