ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা থেকে আটক হওয়া বছির ওরফে রাসেল নামে নব্য জেএমবি সদস্যকে তিন দিনের রিমান্ড রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৭ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শৈলকুপা উপজেলার সাধুখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল (৩১) সাধুখালি গ্রামের লিয়াকত আলীর ছেলে। পরে শনিবার দুপুরে গ্রেফতারকৃত রাসেলকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করে র্যাব।
র্যাব জানায়, গত ২৮ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে আব্দুল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম নামের দুই হুজি সদস্যকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই দিন দুপুরে তাদেরকে দামুড়হুদা মডেল থানায় হাজির করে র্যাব তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এদিকে, গত ১৭ নভেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, ওই মামলার তদন্তে প্রকাশিত জঙ্গি বছির ওরফে রাসেল তার নিজ বাড়ি শৈলকুপার সাধুখালি গ্রামে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টার দিকে সাধুখালি গ্রামে অভিযান পরিচালনা করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি দল। এ সময় তার নিজ বাড়ি থেকে বছির ওরফে রাসেলকে গ্রেফতার করে র্যাব। শনিবার দুপুরে তাকে ওই মামলায় চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাসেলের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
