ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে উপজেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।
সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় জেলার দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। নারীদের অগ্রাধিকার দিয়ে সবাইকে কার্ড প্রদান করা হলেও সব নারী এ সুবিধা পাবেন না; কেবল নির্ধারিত যোগ্যতা অনুযায়ী দরিদ্র পরিবারের সদস্যরাই এর আওতায় আসবেন। এসময় আরও জানানো হয়, যেসব ব্যক্তি বর্তমানে বয়স্ক ভাতা, টিসিবির কার্ড বা সরকারের অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী, তারা ফ্যামিলি কার্ডের সুবিধার জন্য বিবেচিত হবেন না। কর্মসূচির আওতাভুক্ত প্রতিটি পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবে বলে সভায় জানানো হয়।
সভায় বলা হয়, ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং সংগ্রহ করা তথ্য সরাসরি অনলাইনে আপলোড করা হবে। ম্যানুয়ালি কোনো ব্যক্তি বা পরিবারকে নির্বাচন করার সুযোগ থাকবে না। এছাড়া কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালিত হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, বর্তমান সরকার হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীরা যেন এই সুবিধা পান, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা তাসলিমা নাসরিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিকাইল হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
