ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বিকৃত ভাস্কর্য অপসারণ

চেহারায় মিল রেখে নতুন ভাস্কর্য নির্মাণের উদ্যোগ

আপলোড তারিখঃ 2026-07-23 ইং
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বিকৃত ভাস্কর্য অপসারণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহে মহান মুক্তিযুদ্ধের বীরসন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আগের বিকৃত ও অসম্পূর্ণ ভাস্কর্যটি অপসারণ করে সম্পূর্ণ নতুনভাবে তার প্রকৃত চেহারার সাথে হুবহু মিল রেখে একটি পূর্ণাঙ্গ ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। দেশের এই শ্রেষ্ঠ সন্তানের অবয়ব সঠিকভাবে ফুটিয়ে তুলে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগেই শহরের উপযুক্ত কোনো স্থানে ভাস্কর্যটি স্থাপন ও উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 


গতকাল বুধবার দুপুর ১২টায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্য, সাংবাদিক নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় জানানো হয়, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রকৃত মুখাবয়বের সাথে সঙ্গতি রেখে একটি সুন্দর নকশা প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য ১৫ সদস্যের একটি বিশেষ যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে।


পদাধিকারবলে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি, বীরশ্রেষ্ঠের পরিবারের প্রতিনিধি মো. হাফিজুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিদের এই কমিটিতে রাখা হয়েছে। এই কমিটি খুব দ্রুত শহরের একটি দৃষ্টিনন্দন, প্রাণকেন্দ্র ও উপযুক্ত স্থান নির্বাচন করে জেলা প্রশাসনের কাছে সুপারিশ জমা দেবে।


আলোচনায় বীরশ্রেষ্ঠের পরিবার ও মুক্তিযোদ্ধা প্রতিনিধিরা অতীতে গড়ে তোলা ভাস্কর্যটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ২০১৯ সালে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের চত্বরে বীরশ্রেষ্ঠের যে ভাস্কর্য তৈরির কাজ শুরু হয়েছিল, তাতে তাঁর চেহারার ন্যূনতম কোনো মিল ছিল না। বরং বিকৃত ও অসম্পূর্ণ আকৃতিতে ফেলে রাখায় বিগত বছরগুলোতে সেটি জরাজীর্ণ হয়ে পড়ে এবং ওই চত্বরটি অসামাজিক ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের জায়গায় পরিণত হয়।
ভাস্কর্য নির্মাণে সে সময় ব্যাপক অনিয়ম ও অবহেলা করা হয়েছিল, যা বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি স্পষ্ট অবমাননা। সম্প্রতি সেই বিকৃত কাঠামোটি ভেঙে ফেলার চেষ্টা করা হলে জেলা প্রশাসনের হস্তক্ষেপে অসম্পূর্ণ ভাস্কর্য ও চত্বর অপসারণের কাজ আপাতত স্থগিত রেখে নতুন করে সঠিক অবয়বে এটি পুনর্নির্মাণের পথ সুগম করা হয়।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূর্বের ভুল সংশোধন করে সম্পূর্ণ নতুন উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সঠিক ও প্রকৃত চেহারা ফুটিয়ে তুলে এই ভাস্কর্য নির্মাণ করা হবে, যেন তরুণ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের এই সূর্যসন্তানকে সঠিকভাবে চিনতে ও শ্রদ্ধা জানাতে পারে। গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী অতি দ্রুত স্থান নির্ধারণের কাজ শেষ করে নির্মাণকাজ শুরু করা হবে, যাতে আগামী বিজয় দিবসে নতুন ভাস্কর্যটি জাতির সামনে উন্মোচন করা সম্ভব হয়।


সভায় জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মো. কামালউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল, বাসদ ও সিপিবি প্রতিনিধি এবং গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ ঝিনাইদহের সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)