ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ও ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সফল ও জমকালোভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে আগামী ৩১ জুলাই জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলবে ৭ আগস্ট পর্যন্ত। উপজেলা ও পৌরসভা পর্যায়ের খেলার ব্যয় বহন করবে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও পৌরসভা। আর ফাইনালের পুরস্কারের অর্থসহ অন্যান্য ব্যয় বহন করবে জেলা প্রশাসন।
এছাড়া আগামী ৯ আগস্ট থেকে সারাদেশে একযোগে শুরু হবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। এ টুর্নামেন্টে দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেবে। টুর্নামেন্ট উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দুটি করে ফুটবল দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়ানো এবং মেধাবী খেলোয়াড় বাছাই করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া আলোকিত ফুটবল একাডেমি শুভেচ্ছা স্মারক স্পন্সর করবে। দর্শকদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা রাখা হবে। বাস মালিক সমিতি প্রতিদিন দুটি করে বাস বা ট্রাক সরবরাহ করবে। প্রতিটি দলে সর্বোচ্চ দুইজন বাইরের জেলার খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করবেন। একই সময়ে সারাদেশে ইউনিয়ন পর্যায় থেকে এ টুর্নামেন্ট শুরু হবে।
তিনি আরও বলেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যোগ্যতার ভিত্তিতে ছেলে ও মেয়েদের পৃথক দল গঠন করে অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন প্রতিভা তুলে আনাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। চারটি উপজেলা ও চারটি পৌরসভা মিলিয়ে মোট আটটি দল অংশ নেবে জেলা প্রশাসক গোল্ডকাপে। প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড় এবং একজন কোচ ও একজন ম্যানেজারসহ মোট ২০ জন সদস্য থাকবে। টুর্নামেন্টের ফাইনালে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, দেশের তরুণদের মেধা ও ক্রীড়া প্রতিভা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দুটি করে ফুটবল দেওয়া হবে। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় খেলোয়াড়দের গড়ে তুলে জেলার সুনাম অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ উল ইসলাম, সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হ্যাজী, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন।
