ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের খলিসার কুড়ির মাট এলাকায় রাতের আঁধারে একটি কলাবাগানের ২ হাজারের বেশি কলাগাছ কেটে তছরুপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কলাচাষি বিপুল মোল্লা। গতকাল শনিবার সকালে বাগানে গিয়ে তিনি কলাগাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত বিপুল মোল্লা তিয়োরবিলা গ্রামের মোবারেক মোল্লার ছেলে। তিনি জানান, মাত্র তিন দিন আগে মজিবর ও মুমিনুলের কাছ থেকে পুকুরসহ কলাবাগানটি ১ লাখ ৮৩ হাজার টাকায় লিজ নেন। বাগানের কলা বিক্রি করে ভালো লাভের আশা করেছিলেন। কিন্তু শুক্রবার গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে তার বাগানের ২ হাজারের বেশি কলাগাছ কেটে তছরুপ করে।
বিপুল মোল্লা বলেন, “অনেক আশা নিয়ে বাগানটি লিজ নিয়েছিলাম। কলাগুলো বিক্রি করতে পারলে প্রায় ৫ লাখ টাকা আয় হওয়ার আশা ছিল। কিন্তু রাতের আঁধারে সব শেষ করে দেওয়া হয়েছে। এতে আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি।”
এ ঘটনায় বিপুল মোল্লা চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
