ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীর ধর্মচাকী বরিং মাঠে বিদ্যুতস্পৃষ্টে নুরাল হক (৫০) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে। একই সময়ে আহত হয়েছেন আরও দুজন কৃষক। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। কৃষক নুরাল হক ধর্মচাকী গ্রামের আজিজুল হকের ছেলে। আহতরা হচ্ছেন- একই গ্রামের আবু তাহেরের ছেলে সাহারুল ইসলাম ও আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম। আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নুরাল হক, সাহারুল ও সাইফুল ধর্মচাকী বরিং মাঠে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের সন্নিকটে কাজ করছিলেন। কাজ শেষে সকলেই হাত ধোয়ার জন্য সেচ পাম্পের কাছে গেলেই হঠাৎ সকলেই বিদ্যুতস্পৃষ্ট হন। মাঠের লোকজন তাদের উদ্ধার করে। এদের মধ্যে নুরালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত নুরালের হাসপাতালে আসার আগেই মৃত্যু ঘটেছে। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। খবর পাবার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
