ছবির ক্যাপশন:
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা চুয়াডাঙ্গায় উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা শুভ, কল্যাণ ও মানবমুক্তির প্রতীক। প্রতি বছরের মতো এবারও চুয়াডাঙ্গা জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আরাধনা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে উৎসবটি উদযাপিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা শহরের বড়বাজার নতুন ব্রিজ এলাকা থেকে জেলার সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা শাখার বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ রথযাত্রায় জেলার বিভিন্ন এলাকার থেকে কয়েক হাজার ভক্ত-অনুরাগী অংশ নেন।
বর্ণিল সাজে সজ্জিত তিনটি রথ নিয়ে শোভাযাত্রাটি বড় বাজার নতুন ব্রিজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক-ঢোল, করতাল ও হরিনাম সংকীর্তনের ধ্বনিতে পুরো শহর উৎসবের আবহে মুখর হয়ে ওঠে। রথযাত্রায় নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সব বয়সী ভক্তরা আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে রথের দড়ি টানেন। অনেকেই নাচ-গান, কীর্তন ও ভক্তিমূলক সঙ্গীতে অংশ নেন। শোভাযাত্রাটি দেখতে শহরের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ ভিড় করেন। উৎসবজুড়ে ছিল সম্প্রীতি, উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় আবেগের অনন্য প্রকাশ।
অংশগ্রহণকারী ভক্তরা জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য, ভক্তি ও মিলনমেলার অন্যতম বৃহৎ আয়োজন। প্রতিবছরের মতো এবারও সবাই আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবে অংশ নিতে পেরে তারা আনন্দিত।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বিশ্বাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পবিত্র কুমার আগরওয়ালাসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ রথযাত্রা চুয়াডাঙ্গার সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
