আলমডাঙ্গার কেশবপুর চরের মাঠে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কা

প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

আপলোড তারিখঃ 2026-07-17 ইং
আলমডাঙ্গার কেশবপুর চরের মাঠে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের চরের মাঠে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে প্রশাসনের দ্রুত তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরোধে জড়িত চেঙ্গিস গ্রুপ ও সালাম গ্রুপের মধ্যে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উভয় পক্ষের শত শত নারী-পুরুষ কেশবপুর চরের মাঠে জড়ো হন। উপস্থিতদের মধ্যে অনেক নারীকে লাঠি হাতে অবস্থান করতে দেখা যায়। এতে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ওসমানপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখে উভয় পক্ষ ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করে। ফলে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, ঘটনাস্থলে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্থানীয়রা জানান, এর আগে পুলিশ প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছিল এবং মিষ্টিমুখের মাধ্যমে সমঝোতারও আয়োজন করা হয়। তবে সেই সমঝোতার পরও পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষ মাঠে অবস্থান নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)