ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার আসমানখালী অগ্রণী ব্যাংক শাখা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তিন নারীকে আটক করে আলমডাঙ্গা থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই তিন নারী দীর্ঘ সময় ধরে ব্যাংক শাখার ভেতর ও আশপাশে ঘোরাফেরা করছিলেন। তাদের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজন তাদের পরিচয় এবং সেখানে অবস্থানের কারণ জানতে চান। তবে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয়। একপর্যায়ে স্থানীয়রা তিন নারীকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেন।
এদিকে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক তিন নারীকে নিজেদের হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এসময় ব্যাংকে লেনদেন করতে আসা গ্রাহক ও আশপাশের মানুষের মধ্যে কৌতূহল ও উৎকণ্ঠা দেখা দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিন নারীর প্রকৃত পরিচয়, তারা কোথা থেকে এসেছেন, কী উদ্দেশ্যে ব্যাংক এলাকায় অবস্থান করছিলেন এবং তাদের সঙ্গে কোনো সংঘবদ্ধ প্রতারক চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
