ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর পৌর শহরে ড্রেন নির্মাণ কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের গ্রীনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রী রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর পৌরসভার ড্রেন নির্মাণ কাজে কয়েকজন শ্রমিক নিয়োজিত ছিলেন। কাজ চলাকালে শর্ট সার্কিটের কারণে ড্রেনের পাশের একটি দোকান বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি বুঝতে না পেরে শ্রী রাম দোকানের গায়ে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
