ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের অসহায় গৃহবধূ সালেহার খাতুন (৫১) দীর্ঘ প্রায় এক বছর ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। প্রয়োজনীয় অর্থের অভাবে তার চিকিৎসা ব্যাহত হওয়ায় পরিবারের সদস্যরা সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, একসময় সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নেওয়া সালেহার খাতুন এখন অসহনীয় শারীরিক যন্ত্রণা নিয়ে প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। তবে দিন এনে দিন খাওয়া পরিবারের পক্ষে এ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না।
স্বজনরা জানান, সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতেই হিমশিম খেতে হয়। ফলে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ায় দিন দিন সালেহার খাতুনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। অসুস্থ মাকে বাঁচাতে পরিবারের সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালালেও অর্থসংকট তাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, দানশীল প্রতিষ্ঠান এবং মানবিক হৃদয়ের মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছে পরিবার। তাদের বিশ্বাস, সবার সামান্য সহযোগিতা একত্রিত হলে আবারও চিকিৎসা শুরু করা সম্ভব হবে এবং সালেহার খাতুন সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ পাবেন। সহায়তা করতে আগ্রহীরা সালেহার খাতুনের পরিবারের সঙ্গে ০১৯৪১-৭৫৭৩৬০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
