ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার ৩ নম্বর শিবনগর মৌজায় অবস্থিত ঐতিহাসিক পীর একদিল সাহেবের মাজার শরীফের টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাজার কমিটির সভাপতি মো. মজনু ফকির বাদী হয়ে স্থানীয় চন্দ্রবাস গ্রামের বাহালুল হক ও আব্দুর রব ওরফে হক সাহেবসহ ১১ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুলাই দিবাগত গভীর রাতে বিবাদীরা পরিকল্পিতভাবে মাজারের আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের টিন চুরি করে নিয়ে গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিবনগর মৌজার ৭ শতক জমির ওপর অবস্থিত এই মাজার শরীফ এবং এর গাছপালা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। মাজার কমিটির সভাপতি মো. মজনু ফকিরের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই বিবাদীরা রাতের আঁধারে পবিত্র মাজারের টিনগুলো উপড়ে নিয়ে যায়। তিনি এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
এদিকে, প্রধান অভিযুক্ত বাহালুল হক তাদের বিরুদ্ধে আনীত এই চুরির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই সাজানো মামলা দেওয়া হয়েছে। মাজারের টিন চুরি করার মতো কোনো প্রশ্নই আসে না। তবে এই ঘটনায় যদি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট আলামত বা প্রমাণ পাওয়া যায়, তাহলে তিনি আইন অনুযায়ী যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন। দামুড়হুদা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
