ফি বকেয়ায় পরীক্ষা দিতে পারল না শিক্ষার্থী

মহেশপুরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

আপলোড তারিখঃ 2026-07-13 ইং
ফি বকেয়ায় পরীক্ষা দিতে পারল না শিক্ষার্থী ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বি আর এ কে এস মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি পরিশোধে বিলম্ব হওয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অভিযোগে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী রাফিন হোসেন গত বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে যায়। পরীক্ষা চলাকালে সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীন তার কাছে পরীক্ষার ফি চান। এসময় রাফিন পারিবারিক আর্থিক সমস্যার কথা উল্লেখ করে কয়েকদিন সময় দেওয়ার অনুরোধ জানায়। পরে তাকে প্রধান শিক্ষক জামিরুল ইসলামের কক্ষে যেতে বলা হয়।


রাফিন হোসেনের দাবি, তিনি প্রধান শিক্ষকের কাছে পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে অনুরোধ করেন। কিন্তু প্রধান শিক্ষক জানান, ফি পরিশোধ ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। এরপর তাকে হল ত্যাগ করতে বলা হলে তিনি পরীক্ষা না দিয়েই কান্নায় ভেঙে পড়ে বাড়ি ফিরে যান। রাফিনের বাবা চঞ্চল হোসেন বলেন, পারিবারিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষার ফি দিতে পারিনি। কয়েকদিনের মধ্যেই ফি পরিশোধ করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তারপরও আমার ছেলেকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। ঘটনার পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং দুই দিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না।


তবে এ বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনাটি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)