ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার মাজু গ্রামে বাড়ির গেটের সামনে সাইকেল ও মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধের জেরে মারধর, বাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাজু গ্রামের মাঝেরপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার বিশ^াসের ছেলে তোয়াজ উদ্দিনের বাড়ির সামনে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের হায়াৎ আলীর ছেলে বাদশা ও আমিরুল ইসলাম একটি সাইকেল ও মোটরসাইকেল রাখেন। এতে বাড়ি থেকে বের হতে অসুবিধা হওয়ার পাশাপাশি গেটের মূল পিলারের ক্ষতি হচ্ছিল বলে তোয়াজ উদ্দিনের ছেলে আল আমিন তাদের যানবাহন সরিয়ে নিতে অনুরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে অভিযুক্তরা আল আমিনকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
পরে রাত প্রায় ১০টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে তারা আবার বাড়ির সামনে এসে গালাগাল শুরু করেন। একপর্যায়ে আল আমিনকে মারধর করা হয়। তার চিৎকার শুনে মা জোৎস্না খাতুন এগিয়ে এলে অভিযুক্তরা বাড়িতে ঢ়ুকে আসবাবপত্র, জানালা, টেবিল-চেয়ার, মোটরসাইকেল ও বৈদ্যুতিক সুইচবোর্ড ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এ সময় ঘরে থাকা ৭৬ হাজার টাকা এবং আরও কিছু মূল্যবান মালামাল নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় তোয়াজ উদ্দিন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরও অভিযুক্ত পক্ষ থেকে অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
